পাবনা পৌর নির্বাচন: মেয়রসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পাবনা পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থীসহ দুইজন সংরক্ষিত মহিলা ও ছয় জন সাধারণ পুরুষ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুর রহমান। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (৩ জানুয়ারি) যাচাই বাছাই শেষে সাত জন মেয়র প্রার্থীর মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. রকিব উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় দুইজন সংরক্ষিত মহিলা ও ছয় জন সাধারণ পুরুষ কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এদিকে পাবনা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সরকার দলীয় নৌকা প্রতীক নিয়ে এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি আলী মুর্তজা বিশ্বাস সনি।

এছাড়া দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরীফ উদ্দিন প্রধান ও গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রকিব হাসান টিপু।

বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহম্মদ মাসুম বগা, জাতীয় পার্টি থেকে চৌধুরী মোহম্মদ মাহাবুবুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু বক্কর সিদ্দীক।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জানা গেছে, পাবনা পৌরসভার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছে ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৪০ জন আর নারী ভোটার ৫৪ হাজার ২০৪ জন।

সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৭৪ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে একজন মেয়র এবং দুইজন সংরক্ষিত নারী ও ছয় জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা আগামী তিন দিনের মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থিতা বহাল রাখার জন্য নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবে।

উল্লেখ্য, ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩০ জানুয়ারি ইভিএমে এই পৌরসভায় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।