বাগেরহাটের শরণখোলায় র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ফারুক ছেপাই (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
ফারুক ছেপাই শরণখোলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের এনায়েত ছেপাইয়ের ছেলে।
র্যাব-৬-এর সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহবুব উল আলম জানান, শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারের ইসলামী ব্যাংকের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সময় র্যাব খুলনার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ফারুক ছেপাইকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং এক হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শরণখোলা থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।