জানুয়ারিতেই ৩০০ সড়ক!

রাজধানীতে সড়কের বেহাল দশাদীর্ঘদিন ধরে রাজধানীর রাস্তাগুলো ভেঙেচুরে একাকার হয়ে আছে। ঢাকার এমন কোনও ওয়ার্ড নেই যেখানে রাস্তা খারাপ নেই। নির্বাচিত প্রতিনিধি না থাকায় নগরবাসী কারও কাছে এ কথা বলতে পারেনি। দুর্ভোগ-দুর্দশার মধ্য দিয়ে তাদের চলাফেরা করতে হয়েছে।

২০১৫ সালে এপ্রিলে নির্বাচনের মাধ্যমে যখন ঢাকার দুই সিটি করপোরেশনে দুই মেয়র আনিসুল হক ও মোহাম্মদ সাঈদ খোকন দায়িত্বভার গ্রহণ করেন, তখন থেকে নগরবাসীর মনে আশার সঞ্চার হতে থাকে। কারণ আর যাই হোক দুর্ভোগের কথা বলার মতো প্রতিনিধি তো তারা পেয়েছেন।

মানুষের আশার বাস্তবায়ন ঘটাতে এবার একযোগে তিন শত রাস্তার মেরামত ও সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নববর্ষের প্রথম মাসেই কাজ শুরু হবে। আশা করা হচ্ছে আগামী বর্ষার আগে অধিকাংশ রাস্তা মেরামত হয়ে যাবে।

‘মানুষ অনেক কষ্ট করেছে। আর না। তাই জানুয়ারি মাসের প্রথমার্ধে নগরীর ৩০০ রাস্তা মেরামত, উন্নয়ন ও সংস্কার কাজের কার্যাদেশ দেওয়া হবে। একই সঙ্গে জানুয়ারিতেই সড়কের কাজ শুরু হবে। আশা করি বর্ষার আগে মে মাসের মধ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়ে যাবে’- বৃহস্পতিবার দুপুরে বেশ দৃঢ়তার সঙ্গে বাংলা ট্রিবিউনকে কথাগুলো বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রাজধানীতে সড়কের বেহাল দশা

মেয়র বলেন, ‘কাজটা শুরু করতে সময় একটু বেশিই লেগে গেলো। কারণ প্রকল্প তৈরি করে এটা মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে আনতে বেশ কিছু সময় পার হয়েছে। তাই আর দেরি না করে বর্ষার আগেই মেরামত কাজ শুরু করছি।’ তিনি বলেন, ঢাকায় আর কোনও ভাঙ্গা রাস্তা থাকবে না।

মেয়র আরও বলেন, ‘জানুয়ারি মাসে যেসব রাস্তার উন্নয়ন শুরু হবে সেগুলোর বেশির ভাগই হবে কংক্রিটের ঢালাইয়ের। এই ঢালাই নষ্ট হতে সাত-আট বছর লেগে যায়। বাকিগুলো হবে কার্পেটিংয়ের। কাজ ভাল কি মন্দ হল সেটা দেখাভাল করতে এলজিআরডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর) এবং বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হবে। তারা সরেজমিন পরিদর্শনের পর কাজ সম্পর্কে যে মতামত দেবে তার ভিত্তিতেই ঠিকাদারের বিল পরিশোধসহ সংশ্লিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।’

রাজধানীতে সড়কের বেহাল দশা

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে সড়ক রয়েছে ৭৮১ কিলোমিটার। এর মধ্যে প্রধান সড়ক তথা প্রাইমারি সড়ক রয়েছে ৩৫ কিলোমিটার ও সেকেন্ডারি সড়ক ২৯ কিলোমিটার, সংযোগ সড়ক ৯৩ কিলোমিটার এবং স্থানীয় সড়ক ৬২৩ কিলোমিটার। এর বাইরে আছে বেশ কিছু অলিগলি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, নগরীর প্রধান সড়কগুলোর অবস্থা এখনও মোটামুটি ভাল। তবে সবচাইতে খারাপ হয়ে আছে ওয়ার্ডের ভেতরে থাকা স্থানীয় সড়কগুলো। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এগুলো ভেঙ্গেচূরে একাকার হয়ে আছে।

/ওএফ/এফএস/