পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল: সুজন

৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন’ হিসেবে অভিহিত করেছেন নাগরিক অধিকার বিষয়ক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। শনিবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি হলে ‘২০১৬ সাল: নাগরিক প্রত্যাশা ও ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত নির্বাচনগুলোয় যে মানদণ্ড তৈরি হয়েছিল তা এই পৌর নির্বাচনে কোনওভাবেই পূরণ হয়নি। তবে ২০১৪ সালের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন এবং ২০১৫ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হয়েছে। কিন্তু তারপরও এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন।’
তিনি আরও বলেন, ‘আমরা সামনের দিকে নয়, পেছনের দিকে যাচ্ছি। দেশে আইনের শাসন আর মানবাধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এ ক্ষেত্রে আরও সক্রিয় হতে হবে।’
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় যে দিন বদলের কথা বলেছিল সেই কথা তারা রক্ষা করেনি বলেও তিনি মন্তব্য করেন।

সুজনের রংপুরের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, শিক্ষাবিদ অধ্যাপক মোজাম্মেল হক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা, মফিজুল ইসলাম মান্টু সহ অন্যান্য নেতারা।

 

/এসটি/এফএস/