পোলিং এজেন্টকে ছুরিকাঘাতের অভিযোগ

পাবনা পৌরসভার আসন্ন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী শরিফ উদ্দিন প্রধানের পোলিং এজেন্ট ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব আসানকে (৪০) সন্ত্রাসীরা ছুরিকাঘাতে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তার ওপর হামলা চালানো হয়। সদর থানার পরিদর্শক রওশন আলী জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আসান পৌর নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ৪নং ওয়ার্ড ভোটকেন্দ্রের পোলিং এজেন্ট এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

আসানের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির সমর্থক সন্ত্রাসীরা তাকে আঘাত করে। আহত আসান জানান, বৃহস্পতিবার রাতে আলী মতুর্জা বিশ্বাস সনির সমর্থক সন্ত্রাসীরা নারিকেল গাছ মার্কার ৪নং ওয়ার্ডের নির্বাচনি কার্যালয় ভেঙে দিয়ে যায়। শুক্রবার দুপুরে নির্বাচনি ক্যাম্প মেরামতের কাজ শুরু করলে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবু ওরফে লক বাবু, এম এইচ হিমেল রানা ও শাকিল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরিদর্শক রওশন আলী বলেন, ‘ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহসান হাবীব আসানকে দেখতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী শরিফ উদ্দিন প্রধান অভিযোগ করে বলেন, ‘বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল পাবনায় নৌকার জনসভায় বক্তব্য রাখেন। এরপর পরই সন্ধ্যা থেকে পৌর এলাকায় রাধানগর ও শালগাড়ীয়া এলাকায় নারিকেল গাছ মার্কার প্রতিটি নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের ছুরিকাহত করা হয়। শুক্রবারও তা অব্যাহত রয়েছে। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তারা ভীতিকর পরিবেশ তৈরি করে ভোট ডাকাতির পরিকল্পনা করছে। আমি প্রশাসনের কাছে ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’