ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরে চার হাজার ৬৫০টি ইয়াবা ট্যাবলেটসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় মহানগরের দক্ষিণ সালনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলো– গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার সাদের হোসেনের ছেলে কায়েস (৪৫), পশ্চিম বিলাশপুর এলাকার বাবুল চৌধুরীর ছেলে জহির উদ্দিন ওরফে জনি (৩৫), আব্দুল বারেকের ছেলে আমির হোসেন (৩৩), নিলেরপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে পারভেজ আহম্মেদ ওরফে পনির (৩৮), মুন্সিপাড়া এলাকার মাসুদ রানার ছেলে হৃদয় (২৪) এবং ভোরা এলাকার হাসানের ছেলে রিপন (৩৮)।

আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে খবর পাওয়া যায়, দক্ষিণ সালনা এলাকার কায়েসের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রি করছে। সেখানে অভিযান পরিচালনা করে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।