৫ অনুপ্রবেশকারীকে বিজিবি’র হাতে তুলে দিলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশেল (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স ( বিএসএফ)। মঙ্গলবার রাত ১০ টার সময় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আজ বুধবার দুপুরে আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে বিজিবি। পরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের সুবেল আলী ও জেনারুল ইসলাম, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গ্রোগ্রাম গ্রামের সফিকুল ইসলাম, একই থানার ইটাহার গ্রামের ইউসুফ আলী ও  ইসাহাক আলী।পাঁচ অনুপ্রবেশকারীকে বিজিবি’র হাতে তুলে দিলো বিএসএফ

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, ‘আটককৃতরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবশে করলে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানান পর বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রাত ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। আজ বুধবার দুপুরে ৫৩ বিজিবি’র সদস্যরা আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে। অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।’

এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোজ্জাফর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের শেষে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।