গাজীপুরের টঙ্গীর সফি উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সিয়ামকে (১৫) অপহরণে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ) মোহাম্মদ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলো– গাজীপুর সিটি করপোরেশনের সালনা পলাশটেক এলাকার আব্দুল নবীর ছেলে মিল্টন মাসুম (৩৫), তার স্ত্রী খালেদা আক্তার (৩৬), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া এলাকার ওজিহারের ছেলে ভুয়া সাংবাদিক শাহীন আলম (৩৬), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকার আব্দুল সবুরের ছেলে মামুন হোসেন (২৮), শেরপুর জেলা সদরের দোপাঘাট এলাকার মো. চাঁন মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩৬) এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার রাজাপুর এলাকার কুদ্দুস চৌকিদারের ছেলে হাসান চৌধুরী (৪৫)।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ নুরে আলম জানান, গত ২৩ জানুয়ারি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে টঙ্গীর সফি উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সিয়ামকে (১৫) কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তারা সিয়ামের বাবা আব্দুল জলিলের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে হত্যা ও গুম করার হুমকি দেয়। এ ব্যাপারে জিএমপির গাছা থানায় অপহৃতের বাবা মামলা করেন। সিয়ামকে উদ্ধারের জন্য মহানগর ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাতে থাকে। অভিযানের একপর্যায়ে ২৫ জানুয়ারি অপহৃত সিয়ামকে মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ পাশে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার মহানগরীর সালনা এলাকা থেকে অপহরণকারী দলের সদস্য মামুনকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক অপর আসামিদের নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, সাংবাদিকতার ভুয়া পরিচয়পত্র, আটটি মোবাইল ফোন ও নগদ সাড়ে ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় অপহরণ, হত্যা, মাদক, ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। এ অপহরণকারী চক্রটি গত এক মাসে গাজীপুরসহ ঢাকা, নরসিংদী, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, শেরপুরসহ বিভিন্ন জেলা থেকে ১৭ জনকে অপহরণ ও মুক্তিপণ আদায় করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে গ্রেফতারকৃতরা।