সুনামগঞ্জের দোয়ারাবাজারে জায়গা সংক্রান্ত বিরোদের জেরে সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রাজিয়া বেগমকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দোয়ারারবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্যা আফসর নগর গ্রামের রেজিয়ার সঙ্গে প্রতিবেশী মোশাহিদ গংদের বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার জায়গা মাপার জন্য আমিন ও সার্ভেয়ার আসে। রাজিয়ার লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তার স্বজনরা জানান, রেজিয়ার জ্ঞান ফিরেনি এখনও। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য আরফান উদ্দিন বলেন, বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষরা তাকে নির্মম ভাবে কুপিয়ে আহত করেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম বলেন, এ ঘটনায় চার জন কে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশের অভিযান চলছে। থানায় এখনও কেউ মামলা করেনি।