ইছামতি নদীতে অবৈধ ড্রেজিং, হুমকির মুখে আবাদি জমি

ইছামতি নদীতে চলছে অবৈধ ড্রেজিং

 বগুড়ার ধুনটে প্রভাবশালীদের ছত্রছায়ায় কালেরপাড়া ইউনিয়নে ইছামতি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলনের কারণে শুষ্ক মৌসুমেও নদীতে ভাঙন শুরু হয়েছে। ফলে নদীতীরবর্তী আবাদি জমিগুলো হুমকির মুখে পড়েছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলছেন,এ বিষয়ে কোনও অভিযোগ কেউ করেননি।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, ফজলু মিয়া নামের এক ব্যক্তি উপজেলার আড়কাটিয়া-মোহনপুর ইছামতি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। উত্তোলন করা বালু তিনি বিক্রি করছেন মোহনপুর গ্রামের পণ্ডিত প্রামাণিকের কাছে।

গত এক সপ্তাহ ধরে বালু উত্তোলন করায় শুষ্ক মৌসুমেও ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসী বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বালু ব্যবসায়ী ফজলু মিয়াকে প্রশ্ন করা হলে তিনি কোনও অনুমতি না থাকার বিষয়টি স্বীকার করেন। বলেন, অনুমতি না থাকলেও স্থানীয় কর্তাব্যক্তিদের ‘ম্যানেজ’ করে চলছে এই কাজ। 

খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/জেবি/এইচকে/