মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

বন্দুকযুদ্ধ

রাজধানীর মিরপুর রূপনগরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এলাকার শীর্ষ সন্ত্রাসী আল আমিন ওরফে জনি সরকার ওরফে কালা জনি নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে ইস্টার্ন হাউজিং এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রবিবার সকালে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত কালা জনি হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ কমপক্ষে ১৫টি মামলার আসামি বলেও জানিয়েছেন তিনি।  

র‌্যাব জানায়, শনিবার রাতে ইস্টার্ন হাউজিং এলাকায় র‌্যাব-৪ এর একটি দল টহল দেওয়ার সময় সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করে। এসময় সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কালা জনিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বিদেশি পিস্তল এবং দুটি গুলি উদ্ধার করেছে।

/এআরআর/এসএম/এসটি/