ইটের আঘাতে ভাটাশ্রমিকের মৃত্যুর অভিযোগ

বরিশালের হিজলা উপজেলায় ইটভাটায় কাজ করার সময় রিয়াজ শরীফ (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

নিহত রিয়াজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মোজাম্মেল শরীফের ছেলে। তিনি শ্বশুরবাড়ি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের লেমুয়া এলাকায় থেকে পার্শ্ববর্তী বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে তালুকদার ব্রিকস্ ফিল্ডে শ্রমিকের কাজ করতেন। রিয়াজ শরীফ দুই সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াজ মাথায় ইট নিয়ে ইঞ্জিনচালিত ট্রলিতে তুলছিলেন। এ সময় ভাটার উপর থেকে এক শ্রমিকের ছুড়ে দেওয়া ইট মাথায় পড়ে তিনি অসুস্থ হন। এরপর বাড়িতে নিয়ে গেলে বমি শুরু হলে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে পথেই রিয়াজের মৃত্যু হয়।

হিজলা থানার ওসি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়েছে। এছাড়া ঘটনাস্থল তালুকদার ব্রিকস্ ফিল্ড পরিদর্শন করেছে পুলিশ। এরপরও রিয়াজ শরীফের কী কারণে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।