ভারতে আটক ২৯ বাংলাদেশিকে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতে আটক হওয়া ২৯ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার রাত সাড়ে ৯টার সময় বেনাপোল চেকপোস্ট দিয়ে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা। ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের  সুবেদার আব্দুল হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতদের বাড়ি চট্রগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও যশোর জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। এদের মধ্যে ৮ জন নারী, ১৯ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাদের সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। ভারতের ২৪ পরগনার বনগাঁ এলাকায় দালালরা তাদের নিয়ে একটি গোপন স্থানে জড়ো করছে, এমন খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে। পরে আটককৃতদের পুলিশে না দিয়ে বাংলাদেশের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের  সুবেদার আব্দুল হামিদ জানান, তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শনিবার রাত ১২টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরএ/