লাঠির আঘাতে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফজল সর্দার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী এ তথ্য ‍নিশ্চিত করেন।

ফজল উপজেলার রশীদপুর (নামাপাড়া) এলাকার মোহাম্মদ আলীর ছেলে। 

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) জানান, দীর্ঘদিন ধরে রশীদপুর (নামাপাড়া) এলাকার একখণ্ড জমির দখল নিয়ে স্থানীয় ফজল সর্দারের সঙ্গে সোলাইমানের মামলা মোকদ্দমাসহ নানা বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সকালে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেলাইমানের এলোপাতাড়ি লাঠির আঘাতে ফজল সর্দার মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।