পারিবারিক বিরোধের জেরে সৎ মা, বোন ও ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সিলেট শহরতলীর বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) লাশগুলো সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহতরা হলেন, রুবিয়া বেগম (৩০) ও তার মেয়ে মাহা (৯), ছেলে তাহসান (৭)। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে রুবিয়া বেগম ও মাহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়াও ওইদিন রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাহসান।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধেরে জেরে বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন তার সৎ মা ও ভাই-বোন কুপিয়েছে। পরে স্থানীয়রা আবাদকে আটক করে পুলিশে খবর দেয়। আশঙ্কাজনক অবস্থায় রুবিয়া, মাহা ও তাহসনাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মা ও মেয়েকে মৃত ঘোষণা করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা, বোন ও ভাইকে হত্যা করায় আবাদ হোসেন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতদের মুখ, বুক ও হাতসহ বিভিন্নস্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে।