সেনাবা‌হিনী-বিজিবিতে চাকরির কথা বলে টাকা নিতো ‘মেজর’ মাইদুল 

কুড়িগ্রামের রাজারহাটে সেনাবাহিনীর মেজর পরিচায় দেওয়া এক প্রতারক‌কে গ্রেফতার করেছে রাজারহাট ও ফে‌নী থানা পুলিশের এক‌টি যৌথ দল। তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ডসহ প্রতারণার কা‌জে ব‌্যবহৃত বিভিন্ন কাজগপত্র উদ্ধার করা হয়। মাঈদুল সেনাবা‌হিনী, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

বৃহ‌স্প‌তিবার রা‌তে (১৯ ফেব্রুয়া‌রি) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়‌নের মুশরুত নাখেন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ‌্য জানিয়েছেন।

পুলিশ জানায়, বি‌শেষ অভিযানে ওই ভুয়া মেজরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাইদুল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ফেনীর এক যুবককের কাছ থেকে ‌বিকা‌শের মাধ‌্যমে ৭ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরু‌দ্ধে ফেনী থানায় প্রতারণা ও অর্থ আত্মসা‌তের এক‌টি মামলা র‌য়ে‌ছে।  মাঈদুল সেনাবা‌হিনী, বিজিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি প্রতারণাকালে সে বিভিন্ন স্থানে নিজের ভিন্ন ভিন্ন পরিচয় দিত এবং ভিন্ন ভিন্ন পরিচয়পত্র ব্যবহার করতো।

ও‌সি রাজু সরকার জানান, গ্রেফতারকৃত মাঈদুল ইসলাম ইসলাম‌কে গ্রেফতা‌রে ফেনী থানা পু‌লিশ‌কে আমরা সহায়তা ক‌রে‌ছি। তা‌কে ফেনী থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।