বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরায় পালন করা হচ্ছে অমর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর।
নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার চত্বর।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
এরপর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক পত্রদূত, জেলা নাগরিক কমিটি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা বাসদ, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, আমরা বন্ধুসহ দেড় শতাধিক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। তবে করোনার ভেতরে এই জনসমাগমেও অনেকের মুখে মাস্ক না থাকার বিষয়টি দৃষ্টিকটু ও সচেতনতার পরিপন্থী হিসেবে সমালোচনা করেন অনেকে। আজ সকাল থেকে শহীদ মিনার আবারও সবার জন্য উন্মুক্ত থাকবে।