ওভার টেক করতে গিয়ে পাথর বোঝাই ড্রাম ট্রাকের যাত্রীবাহী মারসা পরিবহনের একটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এএসআই আদম আলী এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় দেউলা সিকদার পাড়ার রিনা আক্তার (২০) ও রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকার ছেনোয়ারা বেগম (২৯)।
এএসআই আদম আলী বলেন, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। চুনতি ফরেস্ট এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা তমা কনস্ট্রাকশনের পাথর বোঝাই একটি ড্রামট্রাককে ওভার টেক করে যাওয়ার সময় বাসের পেছনে ট্রাকটির ধাক্কা লাগে। এতে বাসের পেছনের সিটে বসা দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।