সেন্টমার্টিনে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপে বাদশা ওরফে বাচ্চুমিয়া নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারী) দ্বীপের ‘নীল দিগন্ত’ রিসোর্টের ‘ছায়াবিথী’ কটেজের ১৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি ঢাকা ঢেমরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। আগারগাঁও বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাসুদুর রহমান জানান, দ্বীপের নীল দিগন্ত রিসোর্ট থেকে ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে মারা গেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নীল দিগন্ত রিসোর্টের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর জানান, গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা বিসিএস কম্পিউটার সিটিতে কর্মরত আট জনের একটি টিম সেন্টমার্টিন ভ্রমণে এসে নীল দিগন্ত রিসোর্টে ওঠেন। কয়েক ঘণ্টা পর বিকালে বাদশা ওরফে বাচ্চু মিয়ার বুকে হালকা ব্যাথা অনুভব হলে স্থানীয় একজন পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। রাতে খাবার সেরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে সৈকতে ঘুরতে যাওয়ার জন্য এক সহকর্মী তাকে ডাকতে গেলে তার মুখে ফেনা দেখে চিৎকার শুরু করেন। পরে আমরা গিয়ে দেখি বাচ্চু মিয়া মারা গেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দ্বীপে ভ্রমণে আসা পর্যটক দলের এক ব্যক্তি বুকে হালকা ব্যাথা অনুভব হলে স্থানীয় চিকিৎসক দেখান। আজ তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।