ভোক্তা অধিকারে অভিযোগকারী ভোক্তারা জরিমানার ২৫% পেয়েছেন

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসের হলরুমে এ আয়োজন করা হয়।

সভায় বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক খন্দকার আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের জুলাই থেকে ২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে এক হাজার ৫৮৫টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সাত লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ সময়কালে ৮৫টি লিখিত অভিযোগের তদন্ত করে ২৫টি প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ২৫% হিসাবে অভিযোগকারীদের মাঝে ৫৮ হাজার ৭৫০ টাকা দেওয়া হয়।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথি ছিলেন– ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু। সভায় সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

সভার আগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রসাশক ফিতা কেটে প্রচার-প্রচারণার ট্রাক শোর উদ্বোধন করেন।