নৌকাকে জয়ী করার বিকল্প নেই : মোজাম্মেল হক

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু বাংলাকে স্বাধীনতা দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নৌকাকে জয়ী করার কোনও বিকল্প নেই। নৌকা জয়ী হলে দেশ ও জাতি সবসময় নিরাপদ থাকবে।’

মঙ্গলবার (১৬ মার্চ) যশোর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে  কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোজ্জামেল হক বলেন, ‘শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার টার্গেট নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। তার নিরলস পরিশ্রম সর্বক্ষেত্রে সফল ও সার্থক হচ্ছে। বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারে না। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে এসব কিছু সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর  হাতকে শক্তিশালী করতে জাতীয় পর্যায় থেকে স্থানীয় সব নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে হবে।’

কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার।

নির্বাচনি কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌরসভায় নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি খয়রাত হোসেন, সহ-সভাপতি আলী রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।