পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি যাত্রীছাউনি দখল করে ভাতের হোটেল ও চায়ের দোকান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশাল-বরগুনা মহাসড়কের যাত্রীদের সুবিধার্থে মাধবখালী ইউনিয়নের কাঁঠালতলীতে যাত্রীদের জন্য নির্মাণ করা হয় এই ছাউনিটি।
বুধবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, যাত্রীছাউনিতে জাঁকজমকভাবে চলছে ভাতের হোটেল ও চায়ের দোকান। দেখে বোঝার উপায় নেই, এটি যাত্রীছাউনি। অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছেন হারুন নামে এক ব্যক্তি। প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে দখল করে তিনি এই ব্যবসা চালাচ্ছেন বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী ও যাত্রী।
যাত্রীছাউনির ভাতের হোটেলে গিয়ে হারুন শিকদারকে পাওয়া যায়নি। তার স্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত দুই বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছি। উপজেলার এক নেতাকে ম্যানেজ করে আমার স্বামী দোকান নিয়েছেন। এতে দোষের কী!’
এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস বলেন, ‘তদন্ত করে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।’