কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি

গাজীপুরের কালিয়াকৈরে পরপর দুই রাতে পৃথক কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (১৫ মার্চ) ও মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা উপজেলার আশাপুর এবং মহরাবহ এলাকার কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে। এ ঘটনায় ওই এলাকার অধিবাসীদের মধ্যে কঙ্কাল চুরির আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ জানান, সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কবরস্থান থেকে কবর খুঁড়ে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী কবরস্থানের সামনে জড়ো হতে থাকেন। তারা বিষয়টি কালিয়াকৈর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। মঙ্গলবার সকালের দিকে এক ব্যক্তি ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়া দেখতে পান। কৌতূহলবশত তিনি কবরের কাছে গিয়ে দেখতে পান কবরগুলোতে কোনও কঙ্কাল নেই।

ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহরাবহ এলাকার কবরস্থান থেকে কবর খুঁড়ে নয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কঙ্কাল চুরি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বেড়ে গেছে।

আশাপুর গ্রামের কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ছড়িয়ে পড়লে বুধবার মহরাবহ গ্রামের লোকজন কবরস্থান পরিদর্শনে গিয়ে দেখেন তাদের কবরস্থান থেকেও কবর খুঁড়ে নয়টি কঙ্কাল চুরি করা হয়েছে। পরপর দুই রাতে কালিয়াকৈরের দুই গ্রাম থেকে মোট ১৬টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। তদন্ত করে দেখা হচ্ছে।’