নারায়ণগঞ্জে সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই দুটি মামলায় আগামী ২৭ মে যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিনের আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন-দুদকের একটি মামলায় জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে হাজিরা দিয়েছেন নূর হোসেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সাক্ষ্য গ্রহণ ও হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়। সাক্ষ্য ও হাজিরা শেষে তাকে কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়েছে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান, ২০১৪ সালে নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং ২০১৫ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মাদক মামলায় নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে দুটি মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জন অপহৃত হন। ৩০ এ প্রিল ও ১ মে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলায় জেলা ও দায়রা জজ আদালত নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন।