হত্যা মামলার সাজা গোপন করায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী জামাল মৃধার মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে মনোনয়ন বাতিলের কিছুক্ষণ পর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জামালকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান।
গ্রেফতার জামাল মৃধা বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আবুল কাসেম মৃধার ছেলে। ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে (মেম্বর) প্রার্থী হতে সাজার বিষয়টি গোপন করে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেয় সে।
সহকারী রিটার্নিং অফিসার পলাশ সরদার বলেন, ‘শুক্রবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন। বিকাল ৫টার দিকে জানতে পারি, হত্যা মামলায় জামাল মৃধার যাবজ্জীবন সাজা হয়েছে। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অবহিত করি। এরপর নির্বাচনি বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পাশাপাশি থানা পুলিশকে খবর দিলে তারা কার্যালয়ের সামনে থেকে জামালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।’
প্রসঙ্গত, ১৯৮৮ সালে ধান কাটা নিয়ে সংঘর্ষে বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়ার বাসিন্দা শাহ আলম সরদার নিহত হন। এ ঘটনায় জামালসহ বাসুদেবপাড়ার ১১ জনকে আসামি করা হয়। মামলার পরপরই জামাল পালিয়ে বাহরাইন চলে যায়। ১৯৯৫ সালে বাহরাইন থাকাকালে বরিশালের জজ আদালত জামালসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৮ সালের মাঝামাঝি সময় দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করলে তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠানো হয়। ওই বছরের নভেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পায় সে। এরপর কয়েক দফায় আদালতে আবেদন করে জামিনের মেয়াদ বাড়িয়েছিল জামাল। ২০২০ সালের মে মাস পর্যন্ত তার জামিনের মেয়াদ ছিল। ওই সময় করোনার কারণে আদালত বন্ধ থাকায় সে জামিনের মেয়াদ বাড়ানোর সুযোগ পায়নি।