ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ আদালত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন (আজীবন) কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করেছেন। এছাড়া ধর্ষণে জন্ম নেওয়া শিশুকন্যার বিয়ে না হওয়া পর্যন্ত আসামিদের সম্পদ থেকে ভরণপোষণের নির্দেশ দিয়ে জেলা প্রশাসককে বিষয়টি দেখতে বলা হয়েছে। বুধবার (২৪ মার্চ) আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে– ঝালকাঠি শহরের স্ট্যান্ড রোডের মো. ইদ্রিস খলিফার ছেলে মো. রানা (২৭) এবং কিস্তাকাঠি এলাকার মো. আউয়ালের ছেলে মো. নাদিম (২৫)।
২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টায় স্ট্যান্ড রোডের ভাড়া বাসার পেছনে বাগানে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসামিরা। এই ঘটনায় ভিকটিম অন্তঃসত্ত্বা হলে কিশোরীর মা চার মাস পরে ২০১৪ সালের ১৮ জুন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গৌতম কুমার ঘোষ ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। আদালত ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আ ফ ম মোস্তাফিজুর রহমান এবং আসামি পক্ষে আল-আমিন পলাশ ও মিজানুর রহমান মুবিন মামলা পরিচালনা করেন।