সারা দেশব্যাপী চলমান এক সপ্তাহের লকডাউনের তৃতীয় দিন বুধবার (৭ এপ্রিল) রাজশাহী শহরের বেশির ভাগ দোকান খোলা রয়েছে। সরেজমিন দেখা গেছে, নগরীর বেশির ভাগ দোকানই খোলা আছে। তবে ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কম।
জেলার ১১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জোট রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান বলেছেন, ‘গত সোমবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে দোকান খোলা রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করে তা জানানো হবে। তাই আমরা দোকান খোলার বিষয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিইনি।’ কিন্তু, ব্যবসায়ীদের মধ্যে যারা নিরুপায় হয়ে গেছেন তারাই মূলত দোকান খুলেছেন বলেও জানিয়েছেন তিনি।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরারণ চন্দ্র বর্মণ বলেন, ‘আমরা কাউকে (দোকান খুলতে) মানা করছি না। অল্প সংখ্যক দোকান খোলা আছে। দোকানদাররা বলছেন, তারা দোকান পরিষ্কার করার জন্যে খুলেছেন। হিসাব করার জন্যে বসেছেন। তারা অল্প সময় পর দোকান বন্ধ করে দেবেন বলেও জানিয়েছেন।’