গলার স্বর শিশুদের মতো হওয়ায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী (২৭) কে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজধানীর তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে রবিবার দুপুরে কারগার থেকে নিয়ে যাওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম সত্যতা নিশ্চিত করেন।
রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়াইব উদ্দিন আহমদ জানান, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৫ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযুক্তের রিমান্ড আবেদন জানানো হয়। পরে আদালত ২১ এপ্রিল পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে র্যাব তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে। পরের দিন ৮ এপ্রিল গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করে র্যাব। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গাছা থানা পুলিশ ১৩ এপ্রিল গাজীপুর আদালতে রফিকুল ইসলাম মাদানীর ৭ দিনের রিমান্ড আবেদন করে। তারপর ১৫ এপ্রিল আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। ১৮ এপ্রিল দুপুর পৌনে ২টার দিকে কারাগার থেকে ২ দিনের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানীকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়।