রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে মাস্টার্স পর্যায়ে ভর্তিতে ‘আগের নিয়ম’ বহাল রাখার দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে দিনভর বিক্ষোভ করেছেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে একের পর এক নতুন নিয়ম প্রবর্তনের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। সম্প্রতি ২০১৩-১৪ সেশনে মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। এতে বলা হয়েছে ৫০ শতাংশ নম্বর পেয়েও যদি একজন শিক্ষার্থী কোনও বিষয়ে অকৃতকার্য থাকে তবে সে ভর্তির সুযোগ পাবে না।
এর আগের সেশনগুলোতে কোনও বিষয়ে অকৃতকার্য হলেও গড়ে শতকরা ৩৫ শতাংশ নম্বর পেলেই মাস্টার্সে ভর্তি হওয়ার বিধি ছিল। কিন্তু এ বছর সেটা তুলে দেওয়া হয়েছে। নতুন নিয়ম চালু করার ফলে সারাদেশের প্রায় ৪৬ হাজার শিক্ষার্থীর মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
কারমাইকেল কলেজের বিভিন্ন বিভাগে প্রায় সাড়ে ৫০০ শিক্ষার্থী মাস্টার্সে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিল করে আগের নিয়ম বহালের দাবি জানিয়ে আগামী ১৩ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন।
/জেবি/এইচকে/