চট্টগ্রামে ২২ হাজার পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার (২ হাজার ৫০০ টাকা) পেয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। রবিবার (২ মে) করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সহযোগিতা পাঠানোর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভিডিও কনফারেন্সে ১৪ এপ্রিল থেকে সাম্প্রতিক লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পড়া মানুষদের সরকারি সহযোগিতার তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘সাম্প্রতিক লকডাউনে সাময়িক কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেমন– পরিবহন শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, চর্মকার, নরসুন্দর, হিজড়া, বেদে সম্প্রদায়, প্রতিবন্ধী ও বস্তিবাসী নিম্ন আয়ের ২৬ হাজার ৮০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল, চিনি, আলু, লবণ, সাবান ইত্যাদি বিতরণ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রামের সম্মানিত সংসদ সদস্যরা, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দও ত্রাণ কাজে সমানভাবে অংশগ্রহণ করছেন। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত যেসব পরিবার প্রকাশ্যে ত্রাণ চাইতে কুণ্ঠা বোধ করে তারা জেলা প্রশাসনে এসএমএস বা ফোন করলেও রাতের বেলায় বাড়ি গিয়ে এসব উপহার সামগ্রী/খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসনের টিম।’
তিনি আরও বলেন, ‘আজকে চট্টগ্রামের ২২ হাজার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন। বাকি পরিবারগুলো পর্যায়ক্রমে আগামী তিন দিনের মধ্যে উপহার হিসেবে দেওয়া এ অর্থ পাবেন।’
অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রান্ত থেকে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ শামছুল হক চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ, পুলিশ কমিশনার, চট্টগ্রাম, পুলিশ সুপার, চট্টগ্রাম, রাজনৈতিক-ব্যবসায়িক নেতৃবৃন্দ।