ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

ঈদের আগে শ্রমিকদের এপ্রিল মাসের বেতন, ওভারটাইম ও পূর্ণ বোনাস প্রদানের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘প্রতি বছর শিল্প এলাকাগুলোতে ঈদের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। মূলত মালিকদের বেতন-বোনাস নিয়ে টালবাহানার কারণে এ পরিস্থিতি তৈরি হয়। অনেক মালিক ঈদের একদিন আগে বেতন এবং নামমাত্র বোনাস প্রদান করেন। কেউ কেউ বোনাস না দিয়ে ২০০-৫০০ টাকা বকশিশ দেন। শেষ মুহূর্ত হওয়ায় এসব নিয়ে মালিকদের সঙ্গে শ্রমিকদের আলোচনার সুযোগ থাকে না। শ্রমিকরা ঠিকমতো কেনাকাটাও করতে পারেন না।’ তারা অবিলম্বে ঈদ বোনাস এবং এপ্রিল মাসের বেতন, ওভার টাইম ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানান।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রুহুল আমিন সোহাগ, রূপগঞ্জ উপজেলা সভাপতি মো. সোহেল, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান।