জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তাড়তাপাড়া গ্রামে স্বেচ্ছাশ্রমে তৈরী করা যমুনা নদীর বাঁধটির প্রায় ১৩০০ ফুট অংশ বন্যার পানির স্রোতে ক্রমে ধসে যাওয়ায় তার সংস্কার কাজে এবারও স্বেচ্ছায় এগিয়ে এসেছেন গ্রামবাসী।
বৃহস্পতিবার দুপুর থেকে আসন্ন বিপদের কথা ভেবে স্থানীয়রা একজোট হয়ে বাঁধটির সংস্কারের কাজ শুরু করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় স্থানীয়রা দল বেঁধে মাটি ও বালিভর্তি বস্তায় বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ভরাট করছেন। তারা আশা করছেন, এভাবে আগামী তিন মাসের মধ্যে বাঁধটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।
চলতি শুকনোর মৌসুমে ধসে যাওয়া বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, বাঁধটি স্থায়ী ও টেকসইভাবে নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সেটি অনুমোদিত হলে মজবুত ও স্থায়ীভাবে বাঁধটি নির্মাণ করে দিতে পারবো। এখন যেভাবে সংস্কার হচ্ছে সেভাবে বাঁধ টেকানো কঠিন।
নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মসিউর রহমান বাদল বলেন,এই বাঁধ নির্মাণের ফলে গত তিনটি বর্ষা মৌসুমে ছয় ইউনিয়নে বন্যা হয়নি। তাই আগামী বর্ষা মৌসুম আসার আগেই এলাকার মানুষ নিজ পকেটের টাকা দিয়েই বাঁধটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই বাঁধ এখন গোটা এলাকার মানুষের প্রাণের দাবি।
বাঁধটি সংস্কার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, এই বাঁধটি সুরক্ষায় সরকারি কোনও বরাদ্দ নেই। স্থানীয় নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান বাদল তার ইউনিয়নের বরাদ্দকৃত কাবিখা প্রকল্পের মাধ্যমে এটি সংস্কারের উদ্যোগ নিয়ে থাকতে পারেন। আমাকে এ বিষয়ে অবগত করা হয়নি।
/এইচকে/