বগুড়ায় পরিবহণ শ্রমিকদের সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকনেতা বাদশা

বগুড়ার সান্তাহারে সিএনজিচালিত অটোটেম্পু ও ইজিবাইক মালিক- শ্রমিক সংগঠনগুলোর সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। শুক্রবারের এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আদমদীঘি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ সূত্র জানায়, বগুড়ার সান্তাহারে আধিপত্য বিস্তার ও দুই দলের একীভূতকরণকে কেন্দ্র করে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সিএনজি অটোরিকশা সমিতির দায়িত্বে ছিলেন নিহত যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও ইজিবাইক সমিতির দায়িত্বে ছিলেন জাপার নেতা ফেরদৌস হাসান সুমন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরে সান্তাহার শহরের সিএসডি গেটের সামনে উভয়পক্ষের এই সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ইসলাম ও রাশেদুল ইসলাম বাদশা নামে দুই সহোদরসহ দুইপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে শফিকুল ইসলাম মারা যান। তার ছবি তুলতে দেওয়া হয়নি। 

জাপা নেতা ফেরদৌস হাসান সুমনের বাড়িতে অগ্নিসংযোগ

এ সময় সিএনজি সমিতির বিক্ষুদ্ধ শ্রমিকরা ইজিবাইক মালিক সমিতির সভাপতি ও আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সুমনের বাড়ি, জাতীয় পার্টি অফিস, উপজেলা জাপার সভাপতি এনএইচএম মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে, ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতি কার্যালয় এবং জাতীয় পার্টি নেতা শিবলির বাড়িসহ অন্তত ১০ স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ওসি জানান, জাতীয় পার্টির সান্তাহার পৌর শাখার সভাপতি আব্দুল লতিফকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

/এইচকে/