কারাভোগ শেষে দেশে ফিরল ১২ বাংলাদেশি তরুণ-তরুণী

বেনাপোল স্থলবন্দরভারতে দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরল ১২ বাংলাদেশি তরুণ-তরুণী। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম  এ তথ্য জানান।

ফেরত আসারা হলো, শাপলা বেগম (২১), হালিমা বেগম-১ (২৩), নয়ন তারা (২০), আকলিমা খাতুন (২৪), সাথী বেগম (২৫), হালিমা বেগম-২ (২২), জেসমিন আক্তার (২২), মোমেনা খাতুন (২৪), আয়শা খাতুন (২৬), ইতি খাতুন (২৩), সাব্বির হাওলাদার (২৫), সাইফুল হাওলাদার (২৪)। তাদের বাড়ি যশোর, বাগেরহাট, মৌলভীবাজার, ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেশে ফেরত আসা এই ১২ বাংলাদেশি দালালের মাধ্যমে ২ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে কাজের জন্য ভারতের বোম্বে যায়। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে তারা আটক হয়। সেখান থেকে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। পরে ভারতের আদালত তাদের সাজা দেয়।

তিনি আরও জানান, সেখান থেকে মুম্বায়ের কান্দাবালী রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে দীর্ঘদিন চিঠি চালাচালির পর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ এর মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন আইনি কার্যক্রম শেষ করে ফেরত আসা ১২ জনকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে যশোর মানবাধিকার সংস্থার কর্মকর্তা তৌফিকুজ্জামান তাদেরকে গ্রহণ করে নিজেদের হেফাজতে রেখে পরে নিজ নিজ অভিভাবকের  হাতে তুলে দেবেন বলে জানান তিনি।

/আরএ/