বিএসআরএম কারখানা সরিয়ে নিতে ইঞ্জিনিয়ার মোশাররফের আল্টিমেটাম

মিরসরাইয়ে স্থাপিত দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপের কারখানা বঙ্গবন্ধু শিল্প নগরীতে সরিয়ে নিতে আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০১টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছেন। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে ১২ হাজার একর জমি রয়েছে, বিএসআরএম কারখানা যেন সেখানে চলে যায়। এক-দুই বছরের মধ্যে এই কারখানা বঙ্গবন্ধু শিল্প নগরীতে স্থানান্তর করতে হবে। না হয় জনগণ ফ্যাক্টরি গুঁড়িয়ে দেবে।’

জানা গেছে, বিএসআরএম গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় মিরসরাইয়ে পানি সংকট দেখা দিয়েছে। এর প্রতিবাদে রবিবার (৩০ মে) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম কারখানা গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

অনেকদিন ধরে বিএসআরএম কারখানার আশপাশের কয়েকটি গ্রামের মানুষ পানির কষ্টের ভুগছে। নলকূপে পানি নেই। অনেকে গভীর নলকূপ বসাতে গিয়েও পানি পাচ্ছে না। পেলেও কিছুদিন পর দেখা যাচ্ছে, পানি শেষ। পরে জানা গেছে, বিএসআরএম শক্তিশালী মেশিন বসিয়ে তলদেশের পানি তুলে নিচ্ছে।

এ সম্পর্কে মানববন্ধন কর্মসূচিতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘গভীর নলকূপ থেকে বিএসআরএম আর পানি উত্তোলন করতে পারবে না। আগামী দুই মাসের মধ্যে ফেনী নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে তারা কারখানা চালাতে পারে। পাইপ লাইন স্থাপন করা পর্যন্ত আগামী দুই মাস কারখানা বন্ধ থাকবে। এ সময় কারখানায় কোনও কাঁচামাল ঢুকবে না। যদি ঢোকে জনতা তা রুখে দেবে।’

তিনি বলেন, ‘মিরসরাই কৃষিপ্রধান এলাকা। বিএসআরএম ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এখানে এসে ধীরে ধীরে পাহাড় দখল করে বিশাল কারখানা গড়ে তুলেছে। শিল্প কারখানা আমাদের প্রয়োজন আছে। সেজন্য মিরসরাইয়ে ইকোনমিক জোন করা হয়েছে। এ এলাকায় কোনও শিল্প কারখানা থাকলে তা ইকোনমিক জোনে স্থানান্তরিত হোক। তারা কারখানা প্রতিষ্ঠা করার আগে বলেছিল, ফেনী নদী থেকে পানি এনে তা পরিশোধন করে ব্যবহার করবে। কিন্তু তা না করে ১০-১২টি গভীর নলকূপ বসিয়ে তারা কাজ চালাচ্ছে। গভীর নলকূপ বসানোর কারণে এলাকার মানুষ পানি পাচ্ছে না। সব শুকিয়ে গেছে।’ 

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় বারইয়ারহাট পৌরসভার জনগণ ছাড়াও মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও পেশাজীবীরা অংশ নেন। তারা জানিয়েছেন, বিএসআরএম গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় মিরসরাইয়ের হিঙ্গুলী, জোরারগঞ্জ, দুর্গাপুর ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা এলাকার মানুষ এখন বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। ওইসব এলাকায় গভীর নলকূপ বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না। এছাড়া করেরহাট, ধুম, ওসমানপুর ইউনিয়নের কিছু এলাকার টিউবওয়েলে পানি উঠছে না।