ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে মানিকগঞ্জে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় শান্ত রানা শাহিন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৯ মে) মধ্যরাতে জেলার দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ওই স্কুলছাত্রীকে। মানিকগঞ্জ র্যাব-৪ কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেন।
আটক শান্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
এএসপি উনু মং বলেন, ‘ফেসবুকের মাধ্যমে শান্তর সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর ঢাকার কচুক্ষেত এলাকায় দেখা হয় তাদের। তখন স্কুলছাত্রীকে অপহরণ করে মানিকগঞ্জ নিয়ে আসে শান্ত। পরে দৌলতপুর উপজেলার চকমিরপুর এলাকায় শান্তর মামার বাড়িতে রাখে ওই স্কুলছাত্রীকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে শান্তসহ মেয়েটিকে উদ্ধার করা হয়।’
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান র্যাবের এই কর্মকর্তা।