ইসলামি শরিয়া অনুযায়ী শনিবার আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। সকাল থেকে বিয়ের জন্য বয়ানমঞ্চের ঘরে বর-কনের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ এই যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন এই বিয়ের আসর ।
কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ওই বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমির’ নিয়মানুযায়ী। এই নিয়মে মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শো তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।
এবারের ইজতেমায় শতাধিক জোড়া বিয়ে পড়নো হবে বলে জানা গেছে।
এছাড়া টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে বিদেশি মেহমানদের তাঁবুর অস্থায়ী রান্নাঘরে ‘গ্যাস সরবরাহ কম’ বলে জানা গেছে। বিদেশি মেহমান তাঁবুতে রান্নার জামাতের জিম্মাদার মো. নুরুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় রান্নায় সমস্যা হচ্ছে। প্রায় ৭ হাজার বিদেশি মুসল্লির খাবার তৈরি করতে হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিতাস গ্যাসের টঙ্গী (বিক্রয়) কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো.নজরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। সমস্যাটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
শুক্রবার গভীর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে আবুল কালাম আজাদ (৬০) নামে আরও এক মুসল্লি মারা গেছেন। তিনি নোয়াখালি জেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা। রাত ১টার দিকে আবুল কালাম আজাদ নিজ ‘খিত্তায়’ বুকে ব্যথা অনুভব করলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবারের ইজতেমায় এখনও পর্যন্ত চার মুসল্লি মারা গেছেন।
/জেবি/ এইচকে/