রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাত রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে তারা মারা যান। বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস।
রামেক হাসপাতালের উপপরিচালক জানান, বুধবার পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও আইসিইউতে ২২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে করোনা ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন ১৭ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় যে সাত জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচ জনই করোনা পজিটিভ। আর উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জনই করোনা পজিটিভ এবং রাজশাহীর তিন জনের মধ্যে দুই জনের করোনা পজিটিভ, এছাড়া রয়েছেন নাটোরের একজন। এ নিয়ে গত আট দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৮ জন। যার মধ্যে ৩৭ জন করোনা শনাক্ত রোগী।
২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৯ জন ও নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে রয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ জন।