রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর নয় জন ও চাঁপাইনবাবগঞ্জের তিন জন রয়েছেন। বুধবার (৯ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে সাত জন করোনা শনাক্ত হওয়ার পর মারা যান। বাকিরা মারা যান নমুনা পরীক্ষার আগে চিকিৎসাধীন অবস্থায়। আর করোনা শনাক্ত সাত জনের মধ্যে রয়েছেন রাজশাহীর পাঁচ জন ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন।
ডা. সাইফুল আরও জানান, গত ১ জুন সকাল থেকে ১০ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৯২ জন। এর মধ্যে ৫৬ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর, বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। এর মধ্যে ১ জুন, সাত জন, ২ জুন সাত জন, ৩ জুন নয় জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ছয় জন, ৭ জুন ১১ জন, ৮ জুন আট জন, ৯ জুন আট জন এবং সর্বশেষ ১০ জুন ১২ জন মারা যান।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ১৮, চাঁপাইনবাবগঞ্জের ১৬, নওগাঁর ৭, নাটোরের ১ জন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ২৭১ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২৯০ জন। এর মধ্যে রাজশাহীর ১৪২, চাঁপাইনবাবগঞ্জের ১১১, নওগাঁর ১৫, নাটোরের ১৫, পাবনার ৩, কুষ্টিয়ার ৩ জন ও চুয়াডাঙ্গার একজন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন।