অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু জবি শিক্ষকদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে সোমবার (১১ জানয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকরা। তাদের লাগাতার কর্মবিরতির প্রথম দিন চলছে আজ।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ সোমবার সকাল পৌনে ১১ টার দিকে পূর্ণ দিবস কর্মবিরতির তথ্য নিশ্চিত করেছেন। কর্মবিরতির বাইরে আজ অন্য কোনও কর্মসূচি পালন করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আজ আমরা শুধুই কর্মবিরতির মধ্যে আছি। তবে আমরা শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পরে শিক্ষকদের একটি বৈঠকের সম্ভবনাও রয়েছে। সেখানে অন্য কোনও কর্মসূচির ঘোষণা থাকলেও থাকতে পারে।’
উল্লেখ্য, গত ২ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অষ্টম বেতন কাঠামোর বৈষম্য নিরসনসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়।

/আরএআর/এফএস/