গাজীপুরের কালিয়াকৈরে দুই ট্রাকের প্রতিযোগিতায় চালকসহ অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চার জন আহত হয়েছেন। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– স্থানীয় বগুড়ার শেরপুর উপজেলার আশগ্রামের বাসিন্দা অটোরিকশাচালক ইসমাইল হোসেনের ছেলে নবাব আলী (৪০) এবং গাইবান্ধা সদর উপজেলার নাছিরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে স্থানীয় মৌচাক এলাকার হাইড্রোঅক্সাইড কারখানার লিংকিং অপারেটর জয়নাল হোসেন (৩৫)।
আহতরা হলেন– মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামের সৈয়দ রোমন আহমেদ (৩৫), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুকরাইল গ্রামের বাসিন্দা অটোচালক বাবু মিয়া (২৪), হযরত আলী (৫৫) ও অজ্ঞাত যুবক (২৮)।
ওসি জানান, শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে অটোরিকশাটি চার জন যাত্রী নিয়ে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় দুটি ট্রাক প্রতিযোগিতা করে একে অপরকে অতিক্রম করার সময় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় দুটি অটোরিকশাকে চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোচালক নবাব আলী ও পোশাক শ্রমিক জয়নাল হোসেনের নিহত হন এবং অটোরিকশার চার যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এলাকাবাসী ধাওয়া করে ট্রাক চালকের সহযোগীসহ ট্রাকটি আটক করেন। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।