রংপুর নগরীর মেডিক্যাল মোড় এলাকা থেকে বিআরটিসির বাস স্ট্যান্ড উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বিআরটিসি যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি ও শ্রমিক কর্মচারীরা। এতে বিপুল সংখ্যক যাত্রীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনের সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, যাত্রী বুলবুল আহাম্মেদসহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই যুগ ধরে মেডিক্যাল মোড় থেকে বিআরটিসি’র বাস রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করে আসছে। প্রাইভেট বাসের চেয়ে অপেক্ষাকৃত ভাড়া কম হওয়ায় যাত্রীরাও এতে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে প্রাইভেট বাস মালিকরা মেডিক্যাল মোড় মহাসড়কে তাদের বাসগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করলেও তারা উল্টো বিআরটিসি’র বাসকেই এ যানজটের জন্য দায়ী করে এই বাস স্ট্যান্ড অন্য কোথাও সরিয়ে দিতে প্রশাসনকে চাপ সৃষ্টি করে আসছে। অথচ বিআরটিসি’র বাস কখনই মহাসড়কে অবস্থান করে না। তারা সড়ক ও জনপথ বিভাগের জায়গায় সামান্য কিছু সময় অবস্থান করে যাত্রী নেয়। এমন অবস্থায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিআরটিসি বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়ার চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
/টিএন/