জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের ডরমিটরি ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৬ জুলাই) রাত পৌঁনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পেছনে ডরমেটরি ভবনের ২০২নং কক্ষে আগুন লাগে। শর্টশার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু সায়েম বলেন, ‘রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান অন করা ছিল, সেখান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই, কক্ষের তালা ভেঙে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। কোনও ধরনের হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।’
জানা গেছে, আগুনের ঘটনা ঘটা ২০২নং কক্ষটি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলামের। ঘটনার সময় কক্ষটি তালাবদ্ধ ছিল। তিনি বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, ডরমেটরির বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন বলেন, ‘ওই কক্ষের পাশের ২০১নং কক্ষটি আমার। ঘটনার সময় আমি সেখানেই ছিলাম। আমাদের একজন সহকর্মী বাইরে থেকে ডরমেটরিতে আসার সময় আগুন লক্ষ করে আমাকে ডাক দেন। তখন আমরা ঘটনাটি প্রক্টর স্যারকে জানালে তিনি ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করেন।’
আগুন কতটা ছড়িয়েছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ধারণা, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি দেখেছি। ফলে রান্নাঘরেই আগুন সীমাবদ্ধ ছিল। রান্নাঘরের হাড়ি-পাতিল ছাড়া তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। রান্নাঘরের অ্যাডজাস্টার ফ্যান ছাড়া ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফ্যান ঘুরতে ঘুরতে সংযোগ তার গরম হয়ে পুড়ে গেছে আগুন লাগে।’