গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার স্বাস্থ্যবিধি না মেনে দুটি গরুর হাট পরিচালনার করায় তা বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি হাটের ইজারাদারকে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার দুপুর ও বিকালে এ অভিযান চালানো হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে স্বাস্থ্যবিধি না মেনে গরুর হাট পরিচালনা না করায় তা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মত ইসমত আরা জানান, একইদিন বিকালে উপজেলার বলখেলার মাঠ গরুর হাটে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি না মেনে গরুহাট পরিচালনার অভিযোগে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাটের ইজারাদার বেলায়েত হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ওই হাট বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে গরুর হাটটি ভেঙে যায়।
আগামী ১৪ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত লকডাউন মেনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য দোকান ও বাজার বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া বাজারে আসা লোকদের মাস্ক পরারও অনুরোধ করা হয়।