মাইক্রোবাসে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন কারাগারে

নরসিংদীতে এক গৃহবধূকে মাইক্রোবাসের ভেতরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নরসিংদী মডেল থানায় ওই গৃহবধূ তাদের নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই নরসিংদী শহরের বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার তিন জন হলো– কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়া (২০), পলাশের ধনাইরচর এলাকার সোহেল মিয়া (২৪) এবং নরসিংদী শহরের বাসাইল এলাকার সাইফুল ইসলাম (২৪)।

পুলিশের ভাষ্য ও মামলার বিবরণে জানা গেছে, ওই গৃহবধূ পঞ্চগড় জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরে বসবাস করেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকার মিজান মিয়ার সঙ্গে তার ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে একাধিকবার ফোনে তাদের কথা হয়। এরই ধারাবাহিকতায় অভিযুক্ত যুবক মিজান তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ওই গৃহবধূকে গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের ভেলানগর এলাকায় ডেকে আনে। ওইদিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মিজান তাকে স্থানীয় বেলতলা এলাকায় নিয়ে একটি মাইক্রোবাসে ওঠায়। সে সময় মিজান ও মাইক্রোবাসে আগে থেকে অবস্থান করা তার দুই সহযোগী সাইফুল ও সোহেল ওই গৃহবধূকে ধর্ষণ করে। পরে গাড়ি থেকে ওই গৃহবধূকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ওই রাতেই ওই গৃহবধূ নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ওই গৃহবধূর মামলায় গ্রেফতার তিন যুবককে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।