ঘর দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগে ৩ নম্বর সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯) বিকালে তাড়াশ উপজেলার ইউএনও মো. মেজবাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, বুধবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে টিএম আব্দুল্লাহেল বাকীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাকে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর চিঠিও দেওয়া হয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার নাম করে তাড়াশ এলাকার শিউলী, ছকিনা, হালিমা, নাজমা ও শাহনাজসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তদন্তে অভিযোগ প্রমাণিত হয়।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত ওই পত্রে আরও উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান টিএম আব্দুল্লাহেল বাকী কর্তৃক সংঘঠিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ প্রসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান টিএম আব্দুল্লাহের বাকী জানান, আমি এখনও এ বিষয়ে চিঠি পাইনি।