র‌্যাবের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৪

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা আবদুল লতিফ (৩২) নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে র‌্যাবের টিম সারিয়াকান্দির জোড়গাছায় এ অভিযান চালায়। গাবতলী ডাকবাংলোর কেয়ারটেকার লতিফকে সোমবার সকালে উপজেলা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। পরে ফোনে স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গ্রেফতার আসামিরা হলো– বগুড়ার গাবতলী উপজেলার হাসনাপাড়ার মৃত আনিসার রহমানের ছেলে নাহিদ রাসেল (৩৮), আবদুল গফুরের ছেলে সোহান মোল্লা (১৯), জয়নাল আবেদীনের ছেলে মিঠু মিয়া (৪০) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়ার ফজলুর রহমানের ছেলে মো. সজীব (২৪)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, আবদুল লতিফ সোমবার বেলা ১০টার দিকে গাবতলী ডাকবাংলো থেকে ভূমি অফিসের দিকে রওনা হন। পথিমধ্যে আসামিরা তাকে অপহরণ করে। মোবাইল ফোনে তার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে তার স্ত্রী গাবতলী থানা ও র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

র‌্যাবের টিম মঙ্গলবার সকালে গোপনে খবর পেয়ে সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা এলাকায় অভিযান চালিয়ে রাসেল, সোহান, মিঠু ও সজীবকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা লতিফকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।