বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করার বিষয়ে আওয়ামী লীগ সরকারের অশুভ উদ্দেশ্য রয়েছে। এরপরও ইউনিয়ন পরিষদসহ যেখানে নির্বাচনে প্রতিযোগিতার সুযোগ থাকবে সেখানে বিএনপি অংশ নিবে।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ্ঞাবহ দুদককে দিয়ে তারেক রহমানকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরতলির চার তারকা হোটেল নাজ গার্ডেনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, সহ-সভাপতি খাজা ইফতেখার, আবদুর রহমান, আলী আজগর তালুকদার হেনা, জানে আলম খোকা, আহসানুল তৈয়ব জাকির, তাহাউদ্দিন নাইন, অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, অ্যাডভোকেট রাফী পান্না, আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, দেশে খুন, গুম ও ভিন্নমতের মানুষের ওপর নির্যাতন বেড়েছে। মিথ্যা মামলায় প্রতিদিন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যেই দল পুনর্গঠনের কাজ চলছে। শিগগিরই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সামনে অবশ্যই নতুন কর্মসূচি আসবে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েও দল পুনর্গঠিত হচ্ছে।
/টিএন/