উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের পাঁচটি উপজেলার তেরোটি ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যাপ্লাবিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।
মঙ্গলবার বিকাল ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ এবং পানিমাপক (গেজ পাঠক) আব্দুল মান্নান।
জেলার ইসলামপুর উপজেলার বেলাগাছা, চীনাডুলী, কুলকান্দি, নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন; দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়ন; মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ও জোড়খালী ইউনিয়ন; সরিষাবাড়ী উপজেলার পিংনা, আওনা ও সাতপোয়া ইউনিয়ন এবং বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ বন্যা কবলিত হয়েছেন।