চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ ২২ জন কারাগারে

পটুয়াখালীর ছোট বিঘাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাফ হাওলাদারসহ ২২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।চাঁদা না পেয়ে ইটভাটায় লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে এক মামলায় এ আদেশ দেন আদালত।   সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর দ্রুতবিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। বিচারক মো. আমিরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমীন হাওলাদার জানান, চেয়ারম্যান আলতাফ হাওলাদার ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাংগা গ্রামে গাজী ইটভাটায় দলবল নিয়ে হামলা চালান।আগের পাওনা টাকা না দিয়ে পুনরায় পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে তারা এ হামলা চালান। এ সময় তারা ইটভাটায় অফিসঘরের আলমারিতে ইট বিক্রির নগদ ১৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং আগুন দিয়ে পুড়িয়ে ৩৫ লাখ টাকার সম্পদের ক্ষতি করেন।এ অভিযোগে ভাটামালিক শহীদ গাজী পটুয়াখালী আদালতে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান আলতাফ হাওলাদারসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ ছাড়াও অভিযোগ করা হয়, ইটভাটায় হামলার সময় ইটভাটার ইট পরিবহনের কাজে জড়িত মরিচবুনিয়া ইউনিয়নের মো. শাহাবুদ্দিন মোল্লার দুটি আইশার কোম্পানির ট্রাক্টরসহ ট্রলি পুড়িয়ে দেন আলতাফ হাওলাদরসহ তার দলবল।এতে তার ৩১ লাখ টাকা ক্ষতি হয়েছে। ট্রাক্টর মালিক মো. শাহাবুদ্দিন মোল্লা চেয়ারম্যান আলতাফ হাওলাদারসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে আদালতে পৃথক মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার পূর্বক আইনগত:ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পটুয়াখালী সদর থানা উভয় মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়।

এদিকে চেয়ারম্যান আলতাফ হাওলাদার মামলার অন্য আসামিদের নিয়ে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন।